৩৯ নম্বর ওয়ার্ডে জমে উঠেছে বিজেপির টিকিটের লড়াই , পুরুষ প্রার্থীদের সঙ্গে সমানতালে দৌড়ে মম্পি সূত্রধর, প্রার্থী বাছাই ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ
- যুব দর্পণ প্রতিবেদন, ৭ সেপ্টেম্বর শিলচর:
শিলচর পৌর নিগম নির্বাচন ২০২৬ যত এগিয়ে আসছে, ততই সরগরম হয়ে উঠছে বিভিন্ন ওয়ার্ডে বিজেপির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া। এরই মধ্যে ৩৯ নম্বর ওয়ার্ডে দলীয় টিকিটের দৌড়ে একাধিক প্রত্যাশীর নাম ঘুরপাক খাচ্ছে। আর এই লড়াইয়ে পুরুষ প্রার্থীদের সঙ্গে সমানতালে নিজের অবস্থান তৈরি করে এগিয়ে চলেছেন বিজেপির সঙ্গে যুক্ত সামাজিক কর্মী মম্পি সূত্রধর।
৩৯ নম্বর ওয়ার্ডটি ওপেন বা সাধারণ ওয়ার্ড হওয়ায় এখানে প্রার্থী হওয়ার ক্ষেত্রে মহিলা-পুরুষের কোনো সংরক্ষণগত বাধা নেই। ফলে একদিকে যেমন একাধিক পুরুষ প্রার্থী দলীয় টিকিটের প্রত্যাশায় সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছেন, অন্যদিকে মম্পি সূত্রধরও পিছিয়ে নেই। সমাজসেবা, নারীকল্যাণ এবং স্থানীয় স্তরে জনসংযোগকে হাতিয়ার করে তিনিও জোরদারভাবে টিকিটের দৌড়ে রয়েছেন।
বিজেপি কাছাড়ের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত মম্পি সূত্রধর বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তাঁর নির্বাচনী প্রোফাইলে জয় ঠাকুর সেবা সমিতির কার্যনির্বাহী সদস্য এবং প্রচেষ্টা—A Society for Women’s Social Welfare-এর সদস্য হিসেবে তাঁর সামাজিক ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ৩৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ে শুধু সাংগঠনিক আনুগত্য নয়, জনসংযোগ, গ্রহণযোগ্যতা, সামাজিক কর্মকাণ্ড এবং নির্বাচনী লড়াইয়ে জয়ের সম্ভাবনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই দিক থেকে মম্পি সূত্রধরের প্রার্থীপদ নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
মম্পির পক্ষ থেকে নাগরিক পরিষেবার উন্নতি, রাস্তা-নালা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, নারীদের নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরা হয়েছে।
তবে ৩৯ নম্বর ওয়ার্ডের বিজেপির টিকিট শেষ পর্যন্ত কার হাতে যায়, তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পুরুষ প্রার্থীদের পাশাপাশি মম্পি সূত্রধরের সক্রিয় প্রার্থী প্রত্যাশা যে প্রার্থী বাছাইয়ের সমীকরণকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে, তা বলাই যায়।
এখন নজর একটাই—৩৯ নম্বর ওয়ার্ডে বিজেপির ‘পছন্দের মুখ’ হিসেবে শেষ হাসি হাসবেন কে?

