মাতৃভূমি কাপঃ ইমানুয়েল এর জোড়া গোলে জয়ী কর্কট
শিলচর ২৩ আগস্টঃ ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে রবিবার চলমান মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের লীগ পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল এস.এস.এম.এম কর্কট ও মারিয়া এফ.সি। ম্যাচে মারিয়া এফ.সি-কে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সহজেই দ্বিতীয় রাউণ্ডে প্রবেশ করেছে কর্কট এফ.সি।
ম্যাচের প্রথমার্ধ থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণের মাধ্যমে দর্শকদের চমৎকার ফুটবল উপহার দেয়। খেলার ২৫ মিনিটে ইমানুয়েল এর দর্শনীয় হেডারে ১-০ গোলে এগিয়ে যায় এস.এস.এম.এম (SSMM) কর্কট । দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটে কর্কট এফ.সি ইমানুয়েল এর নিখুঁত শটে ২-০ গোলে এগিয়ে যায়, ম্যাচে জোড়া গোল করেন ইমানুয়েল।
ম্যাচের শেষ মুহূর্তে ৬৬ মিনিটে বিজয়ী দলের পৌলিয়েন তৃতীয় গোল করে কর্কট এফ.সি-র বিশাল জয় নিশ্চিত করেন। দুর্দান্ত খেলোয়াড়সুলভ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন ইমানুয়েল। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি রুক্ষিণী কুমার সিনহা, জয়ন্ত পাল ও রাজীব দাস। উল্লেখ্য এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূঁইয়া, প্রবীণ বর্মণ, জাফর বড়ভূঁইয়া ও কৃশ্চিয়ানা মার। সোমবার ‘ডি’ গ্রুপ থেকে প্রথম রাউণ্ডের অন্তিম খেলায় মুখোমুখি হবে ধলাই খাসিয়া পুঞ্জি ও পানিসাগর মোকাম এফ.সি।
ম্যাচ শেষে আয়োজক মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস বলেন, “আজকের ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ ছিল। উভয় দলই অসাধারণ খেলেছে। দর্শকদের উপস্থিতি ও উদ্দীপনা টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলেছে।”

