20.7 C
New York

জুবিন গার্গের স্মৃতিতে শ্রীভূমিতে বিজেপির রক্তদান শিবির, দুই শিবিরে রক্ত দিলেন প্রায় ১০০ জন

Published:

জুবিন গার্গের স্মৃতিতে শ্রীভূমিতে বিজেপির রক্তদান শিবির, দুই শিবিরে রক্ত দিলেন প্রায় ১০০ জন

পাঞ্চজন্য রায়, শ্রীভূমি: প্রয়াত হৃদয়ের শিল্পী জুবিন গার্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মানবসেবার উদ্যোগ নিল শ্রীভূমি জেলা বিজেপি। অসম প্রদেশ বিজেপির রাজ্যব্যাপী কর্মসূচি ‘জীবন সুরভি’র অংশ হিসেবে শনিবার জেলায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

শনিবার শ্রীভূমি সদরের স্টিমারঘাটে অভ্যন্তরীণ জল পরিবহন নিগমের কার্যালয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের শুরুতে প্রয়াত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

Oplus_16908288

শ্রীভূমি সদরের শিবিরে সাংসদ কৃপানাথ মালাহ, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল মান্নান, যুব মোর্চার সভাপতি চিরব্রত চক্রবর্তী সহ ৫০ জনেরও বেশি দলীয় কার্যকর্তা ও স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় রক্তদান করেন।

অনুষ্ঠানে রক্তের প্রয়োজনীয়তা এবং মানবসেবায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।

সাংসদ কৃপানাথ মালাহ বলেন, “নিজের সৃষ্টির মধ্য দিয়ে জুবিন গার্গ মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন। তাঁর স্মরণে রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা মানবসেবার এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। রক্তের অভাবে যাতে কোনও মানুষের প্রাণহানি না ঘটে, সেটাই আমাদের লক্ষ্য।”

জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক জানান, শ্রীভূমি সদর ছাড়াও রামকৃষ্ণনগরে পৃথক আরও একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দুই শিবির মিলিয়ে প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন।

এদিনের শিবিরে আরও উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, শ্রীভূমি পুরসভার পুরপতি রবীন্দ্র দেব এবং শিবিরের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. দেবতোষ পাল। এছাড়াও জেলা, মণ্ডল, যুব মোর্চা, মহিলা মোর্চা সহ বিভিন্ন মোর্চার পদাধিকারী ও বিপুল সংখ্যক দলীয় কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

জুবিন গার্গের স্মৃতিকে সামনে রেখে রক্তদানের মতো মহৎ উদ্যোগকে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হিসেবেই তুলে ধরেছে জেলা বিজেপি নেতৃত্ব।

Related articles

spot_img

Recent articles

spot_img