ছাগলমোয়ায় বিজেপি নেতা খুন: ফাস্টট্র্যাক কোর্টে বিচারের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র কংগ্রেসের
শ্রীভূমি 22 August : : ছাগলমোয়ায় বিজেপি নেতা বিকাশ ধর হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য অব্যাহত। এই হত্যাকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে ফাস্টট্র্যাক কোর্টে বিচার প্রক্রিয়া চালানোর দাবি জানাল শ্রীভূমি জেলা কংগ্রেস।
শুক্রবার শ্রীভূমি জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর হাতে এ সংক্রান্ত একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়
স্মারকপত্রে কংগ্রেসের তরফে চারটি মূল দাবি তোলা হয়েছে — দ্রুত বিচার, নিরপেক্ষ তদন্ত, দোষীদের কঠোরতম শাস্তি এবং এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।
দলীয় নেতৃত্বের বক্তব্য, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। পুলিশ ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে, তারা বর্তমানে জেলা কারাগারে রয়েছে। ধৃতদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে স্মারকপত্রে
এই ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকায় কোনও ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা কংগ্রেস। একই সঙ্গে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে।
স্মারকপত্র প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ, জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ সহ জেলা কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী।
বিধায়ক জাকারিয়া আহমদ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিকাশ ধরের হত্যা সমাজের জন্য একটি কলঙ্কজনক ঘটনা। তিনি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি তদন্ত বা ঘটনার জেরে সাধারণ মানুষ যাতে কোনওভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে বিশেষ নজর রাখার অনুরোধও জানান তিনি।


