আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিদ্যালয়টি চালু রাখার দাবিতে কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা কমিটির পক্ষে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব কে স্মারকলিপি
শিলচর, ২৪ আগস্ট: আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের পাশে দাঁড়িয়ে দ্রুত উদ্যোগ নিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা কমিটির পক্ষ থেকে সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যালয়টির বর্তমান পরিস্থিতি এবং প্রায় ৫০০ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া উদ্বেগের কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। কমিটির পক্ষ থেকে তাঁকে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
অভিভাবকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে সাংসদ সুস্মিতা দেব শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ফোনে কথা বলেন। বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও ভবিষ্যতের উপর যে প্রভাব পড়তে পারে, সেই বিষয়টিও আলোচনায় উঠে আসে।
অভিভাবকদের পক্ষ থেকে বলা হয়, আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই বিদ্যালয়টি বহু বছর ধরে অসংখ্য পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ দিয়ে আসছে। বিশেষ করে মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের কাছে বিদ্যালয়টির গুরুত্ব অত্যন্ত বেশি। তাই প্রশাসনিক বা আর্থিক জটিলতার কারণে যেন শিক্ষা বর্ষের মাঝপথে শিশুদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়তে না হয়, সে বিষয়ে দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।
সাংসদ সুস্মিতা দেবের এই তাৎক্ষণিক উদ্যোগে অভিভাবকদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। তাঁদের আশা, শিলচরের সাংসদ, আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং সংশ্লিষ্ট সকল মহলের সমন্বিত উদ্যোগে বিদ্যালয়টি চালু রাখার একটি স্থায়ী ব্যবস্থা করা সম্ভব হবে।
অভিভাবকদের বক্তব্য, “প্রশাসনিক সমস্যা যাই থাকুক, তার সমাধান অবশ্যই হতে হবে; কিন্তু সেই সমস্যার মূল্য যেন আমাদের সন্তানদের দিতে না হয়।”
প্রায় ৫০০ ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা মাথায় রেখে এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

