দলীয় টিকিট না পেয়ে প্রিয়া শর্মার আবেগঘন পোস্ট, ‘আগামী দিনে কোন পথে হাঁটব, মতামত চাই আপনাদের’
শিলচর, ৯ সেপ্টেম্বর:
আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থী বাছাইয়ের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থিত্ব প্রত্যাশী প্রিয়া শর্মার একটি আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নতুন করে চর্চার জন্ম দিয়েছে।
নিজেকে ২০ নম্বর ওয়ার্ডের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে উল্লেখ করে প্রিয়া শর্মা তাঁর পোস্টে লিখেছেন, দীর্ঘদিন ধরে তিনি মাঠপর্যায়ে মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করেছেন। আসন্ন নির্বাচনে ২০ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার আশায় দলের কাছে আবেদনও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে তাঁকে প্রার্থী করা হয়নি।
দলীয় সিদ্ধান্তে নিজের হতাশার কথা জানিয়ে প্রিয়া শর্মা লিখেছেন, “বিগত দিনের কাজের মূল্যায়ন না হওয়ায় এবং দলীয় সিদ্ধান্তে আজ আমি গভীরভাবে ব্যথিত ও মর্মাহত।” একই সঙ্গে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি উল্লেখ করেছেন, সিদ্ধান্তটি কতটা সঠিক হয়েছে—এই প্রশ্ন শুধু তাঁর নয়, ওয়ার্ডের অনেক সচেতন নাগরিকেরও।
তবে দলের সিদ্ধান্তে হতাশ হলেও এখনই রাজনৈতিক পথচলা থেকে সরে যাওয়ার কোনো ইঙ্গিত দেননি তিনি। বরং রাজনীতি ও সমাজসেবা কোনো নির্দিষ্ট দল বা পদের মধ্যে সীমাবদ্ধ নয় বলেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপের বিষয়ে সরাসরি এলাকার মানুষের মতামত চেয়েছেন প্রিয়া শর্মা। তিনি জানতে চেয়েছেন, আগামী দিনে স্বতন্ত্রভাবে নির্বাচনী ময়দানে নামা উচিত, নাকি অন্য কোনো উপায়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা উচিত।
তাঁর এই পোস্ট ঘিরে ২০ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। দলীয় টিকিট না পাওয়ার পর প্রিয়া শর্মার পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

