ক্যান্সারকে ভয় নয়, সচেতনতার মাধ্যমে প্রতিরোধের বার্তা, লায়ন্স সেঞ্চুরিয়ান ক্লাবের উদ্যোগে সরস্বতী বিদ্যানিকেতনে ক্যান্সার সচেতনতা শিবির
শিলচর, ৮ সেপ্টেম্বর: ক্যান্সারকে ভয় নয়, সচেতনতা ও সময়মতো রোগনির্ণয়ের মাধ্যমে মোকাবিলা করার বার্তা নিয়ে লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ানের উদ্যোগে মঙ্গলবার শিলচরের দ্বিতীয় লিংক রোডস্থিত সরস্বতী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হল এক তাৎপর্যপূর্ণ ক্যান্সার সচেতনতা শিবির।

কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। শিশু-কিশোরদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং রোগের প্রাথমিক লক্ষণগুলি সম্পর্কে তাদের অবহিত করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
শিবিরে কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের চিকিৎসক ডা. সুভদ্রা গোয়ালা অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় ছাত্র-ছাত্রীদের সামনে ক্যান্সারের কারণ ও উৎস, প্রাথমিক লক্ষণ, রোগনির্ণয়ের বিভিন্ন পরীক্ষা এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শুধুমাত্র বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না থেকে ছোট্ট অভিনয়ের মাধ্যমে বিষয়গুলি উপস্থাপন করে তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক প্রাণবন্ত সংযোগ গড়ে তোলেন। তাঁর সহজবোধ্য ও আকর্ষণীয় উপস্থাপনায় জটিল একটি বিষয়ও ছাত্র-ছাত্রীদের কাছে হয়ে ওঠে অত্যন্ত সহজ ও বোধগম্য।

‘সচেতনতাই প্রতিরোধের প্রথম ধাপ’—এই বার্তাই যেন প্রতিধ্বনিত হয় পুরো অনুষ্ঠানে।
সেপ্টেম্বর মাস Childhood Cancer Awareness Month হিসেবে পালিত হয় এবং শিশুদের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লায়ন্সের একটি গুরুত্বপূর্ণ সেবাক্ষেত্র। সেই প্রেক্ষাপটে লায়ন্স সেঞ্চুরিয়ান ক্লাবের এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। একই সঙ্গে বরাক উপত্যকায় ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে উদ্বেগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পর্যায়ে এমন সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী বলেও মত প্রকাশ করেন উপস্থিতরা।
শিবিরের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ। ক্যান্সারের লক্ষণ সম্পর্কে জানার পাশাপাশি তারা অঙ্গীকার করে যে, নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যান্য মানুষকেও ক্যান্সার সম্পর্কে সচেতন করবে। কারও মধ্যে সন্দেহজনক লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় রোগনির্ণয় পরীক্ষা করানোর জন্যও তারা মানুষকে উৎসাহিত করবে বলে শপথ গ্রহণ করে।
ডা. সুভদ্রা গোয়ালার তথ্যসমৃদ্ধ ও প্রাণবন্ত বক্তব্যে মুগ্ধ হয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং উপস্থিত লায়ন্স সদস্যদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এই গুরুত্বপূর্ণ কর্মসূচি বিদ্যালয়ে আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য সরস্বতী বিদ্যানিকেতন কর্তৃপক্ষের প্রতিও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষও সমাজের প্রতি দায়বদ্ধতার এমন উদ্যোগ গ্রহণের জন্য লায়ন্স সেঞ্চুরিয়ান ক্লাবকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ফলের জুস ও বিস্কুট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ানের সভাপতি অলক ভাট্টাচার্যী, সদস্য পার্থ আদিত্য, বিপ্লব বণিক, ঝন্টু পাল, সত্যজিৎ দাস, প্রবাল কান্তি দে, প্রদীপ পাল, বিষ্ণু প্রসাদ পাল সম্পা দে ও তপতী পাল উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান আচার্য শ্রীমতি সংগীতা রায়চৌধুরী -সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের তরুণ-তরুণী দের মুখে সচেতনতার শপথ—সমাজের কাছে এই বার্তাই পৌঁছে দিল যে, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শুধু চিকিৎসকের নয়; সচেতন প্রতিটি মানুষেরও।

