24.9 C
New York

শিলচর পৌর নিগম নির্বাচন ২০২৬ :: ৪১ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থীপদে ডাঃ দেবস্মিতা নাথের আবেদন

Published:

শিলচর পৌর নিগম নির্বাচন ২০২৬ :: ৪১ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থীপদে ডাঃ দেবস্মিতা নাথের আবেদন

পৌর নির্বাচন ঘিরে তৎপরতা, জনসেবায় সক্রিয় হওয়ার বার্তা দন্ত চিকিৎসকের

দিলু দাস, দুর্গাপল্লী, শিলচর ::

আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। নবগঠিত ৪১ নম্বর ওয়ার্ড থেকে শাসকদল বিজেপির প্রার্থীপদে আবেদন করে ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতির পথে পা বাড়িয়েছেন দন্ত চিকিৎসক ডাঃ দেবস্মিতা নাথ

৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত শিলচর পৌর নিগমের নির্বাচন আগামী দুর্গাপূজার আগেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিজেপিও সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে। পৌর নিগম নির্বাচনকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে প্রস্তুতি সভার পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।

এই রাজনৈতিক প্রস্তুতির মধ্যেই ৪১ নম্বর ওয়ার্ডে নতুন মুখ হিসেবে ডাঃ দেবস্মিতা নাথের নাম সামনে এসেছে। তবে তিনি ৪১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কি না, তা নিয়ে ইতিমধ্যেই স্থানীয় মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, । নির্বাচনের আগে এই স্থানীয় বনাম বহিরাগত বিষয়টি রাজনৈতিক আলোচনায় কতটা প্রভাব ফেলে, সেটিও এখন দেখার বিষয়।

৪১ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তা-ঘাট, নিকাশি ব্যবস্থা-সহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে অভিযোগ রয়েছে। বিশেষ করে মেহেরপুর মেডিক্যাল কলেজ রোডসহ সংশ্লিষ্ট এলাকার নাগরিক সমস্যাগুলি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী পাঁচ বছর জনসেবায় সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় নিয়ে একাধিক সম্ভাব্য প্রার্থীর তৎপরতা শুরু হয়েছে।

সোনাই রোডের নাগাটিলা থেকে মেহেরপুরের শিবালিক পার্ক, দুর্গাপল্লী, মেডিক্যাল কলেজ এলাকা হয়ে NIT বাইপাস পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত বেশ কয়েকজনের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে মেহেরপুর শিবালিক পার্ক এলাকার দীর্ঘদিনের বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত তুহিনা শর্মা বিশ্বাসের নামও স্থানীয় মহলে শোনা যাচ্ছে। তবে তাঁর প্রার্থী পদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা এখনও সামনে আসেনি তবে আইনজীবী তুহিনা বিশ্বাসের রয়েছে ভালো পরিচিত ও জনসংযোগ।

Adv Tuhina  Biswas, File Photo 

← Back

Thank you for your response. ✨

এদিকে আজ ২১ আগস্ট ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজেপির প্রার্থীপদ পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে নিজের আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত জমা দেন ডাঃ দেবস্মিতা নাথ। তিনি নিউ শিলচর মণ্ডল বিজেপির সভাপতি দুলাল দাসের কাছে আবেদনপত্র দাখিল করেন।

প্রার্থীপদে আবেদন করার পর নিজের ফেসবুক পোস্টে ডাঃ দেবস্মিতা নাথ লিখেছেন,
“আমি ডঃ দেবস্মিতা নাথ। আসন্ন ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হিসেবে আমি নিউ শিলচর মণ্ডলের সভাপতি শ্রীযুক্ত দুলাল দাস মহাশয়ের কাছে আমার জীবনবৃত্তান্ত (বায়োডাটা) জমা দিয়েছি।”

নিজের নতুন রাজনৈতিক পথচলার জন্য সকলের আশীর্বাদ ও সমর্থন কামনা করে তিনি আরও লিখেছেন, “এই নতুন পথচলায় আপনাদের সকলের মূল্যবান আশীর্বাদ ও সমর্থন একান্তভাবে কামনা করছি। ভারত মাতা কি জয়!”

ডাঃ দেবস্মিতা নাথ শহরের পরিচিত চিকিৎসক ডাঃ বিপ্লব নাথের সহধর্মিনী। দন্ত চিকিৎসার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড, শিলচর-এর একজন কর্মকর্তা হিসেবেও তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।

তবে প্রার্থী পদে আবেদন করলেই দলীয় মনোনয়ন নিশ্চিত হয় না। ৪১ নম্বর ওয়ার্ড থেকে শেষ পর্যন্ত বিজেপি কাকে প্রার্থী হিসেবে বেছে নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

একদিকে দীর্ঘদিনের নাগরিক সমস্যা, অন্যদিকে নতুন ওয়ার্ডে প্রার্থীদের তৎপরতা এবং স্থানীয়–বহিরাগত ইস্যু—সব মিলিয়ে আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচন ৪১ নম্বর ওয়ার্ডে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Related articles

spot_img

Recent articles

spot_img