24.9 C
New York

বিজেপির প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়লেন সর্বাণী গোস্বামী

Published:

বিজেপির প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়লেন সর্বাণী গোস্বামী

২৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কর্মীর আক্ষেপ—“বিগত বছরের কাজ ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়নি”

শিলচর: আসন্ন পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে শিলচরের ২৯ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। বিজেপির হয়ে প্রার্থী হওয়ার প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পাওয়ায় বিজেপির সদস্যপদ ও দলের দেওয়া সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সর্বাণী গোস্বামী

নিজের বক্তব্যে সর্বাণী জানান, দীর্ঘদিন ধরে তিনি ২৯ নম্বর ওয়ার্ডে দলের একজন সক্রিয় কর্মী হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। ওয়ার্ডের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময়ে নিজের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়িয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

আসন্ন নির্বাচনে আরও বৃহত্তর পরিসরে মানুষের সেবা করার প্রত্যাশায় তিনি বিজেপির কাছে ২৯ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার জন্য নিজের প্রার্থীপদ জমা দিয়েছিলেন। কিন্তু দলীয় সিদ্ধান্তে তাঁর নাম প্রার্থী তালিকায় না থাকায় স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন তিনি।

তবে দলের সিদ্ধান্তকে সম্মান জানালেও, বিগত বছরগুলিতে তাঁর কাজ ও সাংগঠনিক পরিশ্রম যথাযথভাবে মূল্যায়িত হয়নি—এই আক্ষেপ স্পষ্ট তাঁর বক্তব্যে। একই সঙ্গে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া ও তার ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে বলে দাবি করেছেন সর্বাণী। তাঁর কথায়, বিষয়টি শুধু তাঁর একার মনে প্রশ্ন তৈরি করেনি, ওয়ার্ডের বহু সচেতন নাগরিকের মনেও এ নিয়ে আলোচনা ও প্রশ্ন রয়েছে।

এই পরিস্থিতিতেই বিজেপির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে দলের প্রাথমিক সদস্যপদ এবং দলীয়ভাবে অর্পিত সমস্ত দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন সর্বাণী গোস্বামী

তবে দল ছাড়লেও জনসেবার পথ থেকে সরে দাঁড়ানোর কোনও ইঙ্গিত দেননি তিনি। বরং তাঁর বক্তব্যে উঠে এসেছে রাজনীতির একটি ভিন্ন দর্শন—রাজনীতি ও সমাজসেবা কোনও নির্দিষ্ট দলীয় পদ বা নির্বাচনী টিকিটের মধ্যে সীমাবদ্ধ নয়।

সর্বাণীর মতে, একজন প্রকৃত কর্মীর সবচেয়ে বড় শক্তি কোনও রাজনৈতিক পদ নয়; মানুষের বিশ্বাস, ভালোবাসা ও সমর্থনই তাঁর আসল শক্তি।

২৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। সর্বাণী গোস্বামীর দলত্যাগ সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে তিনি কোন রাজনৈতিক অবস্থান নেন, কিংবা স্বতন্ত্রভাবে মানুষের পাশে থাকার কোনও উদ্যোগ নেন কি না—এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related articles

spot_img

Recent articles

spot_img