23.7 C
New York

ক্রুসিত এর জোড়া গোলে মাতৃভূমি-র সেমিতে ওয়াইথাই এফ.সি

Published:

ক্রুসিত এর জোড়া গোলে মাতৃভূমি-র সেমিতে ওয়াইথাই এফ.সি

শিলচর ৪ সেপ্টেম্বরঃ শুক্রবার বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের এক হাই-ভোল্টেজ ও হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর জয় পেলো ওয়াইথাই এফ.সি। এদিন প্রতিপক্ষ মথুরাপুর এফ.সি-কে ৪-১ গোলে পরাস্ত করে শেষ চারে জায়গা করে নেয় তারা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের ফুটবলারদের মধ্যে তীব্র আক্রমণ ও পাল্টা আক্রমণের ঢেউ দেখা যায়। গ্যালারিতে উপস্থিত দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধের ১১ মিনিটে ওয়াইথাই এফ.সি-র ডিফেন্ডার মনা এর দুর্দান্ত গোলে এগিয়ে যায় লাল-সাদা জার্সিধারী ওয়াইথাই শিবির। পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বহুগুণ বাড়িয়ে দেয় নীল-কালো জার্সিধারী মথুরাপুর, জমে যায় প্রথমার্ধের খেলা। খেলার ৩৫ মিনিটে ওয়াইথাই এফ.সি-র খেলোয়াড় ডি বক্সের ঠিক সামনে ফাউল করে বসে এবং পেনাল্টির সদ্ব্যবহার করে মথুরাপুর দলকে সমতায় ফেরান কির্সন।

বিরতির পর খেলার রঙ সম্পূর্ণ বদলে যায়। ম্যাচের ৪১ মিনিটে ডি বক্সের সামনে থেকে অসাধারণ হেডের মাধ্যমে দুর্দান্ত একটি গোল করে ওয়াইথাই এফ.সি-কে ২ -১ গোলে এগিয়ে দেন বুলেট। ৬৫ মিনিটে ডি বক্সের সামনে মথুরাপুর দল ফাউল করে বসে। সুযোগ মিস করেনি ওয়াইথাই, এবার গোল করেন ক্রুসিত। ৬৬ মিনিটে ম্যাচের চতুর্থ তথা নিজের দ্বিতীয় গোল করেন ক্রুসিত। মথুরাপুর এফ.সি শেষ পর্যন্ত লড়েও ৪-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় । শেষ চারের টিকিট নিশ্চিত করে উচ্ছ্বাসে ভাসছে ওয়াইথাই শিবির।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মনা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি শিক্ষাবিদ বিধান চন্দ্র পাল, শিলচর স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক কমলেশ দাস ও সমাজসেবী দেবব্রত পাল। উল্লেখ্য এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূঁইয়া, প্রবীণ বর্মণ, কামরুজ্জামান লস্কর ও এম বি সিংহ।

অতিথির বক্তব্যে শিলচর স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক কমলেশ দাস বলেন, ধলাই অঞ্চলে খেলাধূলার উন্নয়ন, প্রচার ও প্রসারে মাতৃভূমি সামাজিক সংগঠনের অবদান অনস্বীকার্য। শুধু তাই নয় সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে মাতৃভূমি সংস্থা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । স্থানীয় খেলোয়াড়দের নিয়ে গঠিত দুদলের খেলা উপভোগ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং তাকে আমন্ত্রিত অতিথি হিসাবে সম্মাননা জানানোর জন্য মাতৃভূমি সংস্থার সভাপতি সহ সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। শিক্ষাবিদ বিধান চন্দ্র পাল মাতৃভূমি সামাজিক সংস্থার ভূয়শী প্রশংসা করে এধরণের টুর্নামেন্ট আয়োজনের জন্য ক্লাবের সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। মাতৃভূমি কাপ ফুটবল এই অঞ্চলের মানুষের কাছে একটি বাৎসরিক উৎসব বলে মন্তব্য করেন তিনি ।

উল্লেখ্য শনিবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইসলামাবাদ এফ সি খেলবে এস.এস.এম.এম (SSMM) এফ.সি কর্কট দলের বিপক্ষে, একথা জানান মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।

Related articles

spot_img

Recent articles

spot_img