25.8 C
New York

কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ রুখতে কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ সাংসদ পরিমল শুক্লবৈদ্য

Published:

কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ রুখতে কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ সাংসদ পরিমল শুক্লবৈদ্য

আসাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যালয়কে ঘিরে উদ্বিগ্ন অভিভাবক ও ছাত্রছাত্রীদের পাশে থাকার আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর

দিলু দাস, শিলচর, ২৫ আগস্ট:

আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর ক্যাম্পাসে পরিচালিত কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে বিদ্যালয়টি রক্ষার দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার তিনি কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যালয়টি যাতে বন্ধ না হয়, সে বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের আবেদন জানান।

সাক্ষাতে সাংসদ পরিমল শুক্লবৈদ্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে বিদ্যালয়টির গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, এই বিদ্যালয়টি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং শিলচর ও বরাক উপত্যকার বহু পরিবারের সন্তানদের উন্নত শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

 

বিশেষ করে চা-বাগানের শ্রমিক, দৈনিক মজুরির কর্মী, আসাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানদের জন্য এই বিদ্যালয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলনামূলকভাবে কম খরচে মানসম্মত শিক্ষা পাওয়ার সুযোগ থাকায় বহু পরিবার তাঁদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে এই বিদ্যালয়ের ওপর নির্ভরশীল।

 

সাংসদ মন্ত্রীকে জানান, বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে শুধু ছাত্রছাত্রীদের পড়াশোনাই ব্যাহত হবে না, তাঁদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হবে গভীর অনিশ্চয়তা। তাই বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বিদ্যালয়টি চালু রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

 

সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে তিনি আশ্বাস দেন যে, ছাত্রছাত্রীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে সরকার সম্ভাব্য সব দিক খতিয়ে দেখবে এবং বিদ্যালয়টি যাতে ভবিষ্যতেও চালু থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পথ অনুসন্ধান করা হবে।

 

কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসে আশাবাদী সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সবসময় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়ে এসেছে। তাই কেন্দ্রীয় বিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার ক্ষেত্রেও একটি ইতিবাচক ও স্থায়ী সমাধান পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।

বিদ্যালয় বন্ধের আশঙ্কায় ইতিমধ্যেই উদ্বিগ্ন অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে সাংসদের এই উদ্যোগ নতুন করে আশার সঞ্চার করেছে। এখন কেন্দ্রীয় সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন বিদ্যালয়ের সঙ্গে যুক্ত পরিবারগুলি।

Related articles

spot_img

Recent articles

spot_img