23.2 C
New York

অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত ও কালোবাজারির অভিযোগে ১৫টি সিলিন্ডার উদ্ধার, গ্রেফতার ২

Published:

অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত ও কালোবাজারির অভিযোগে ১৫টি সিলিন্ডার উদ্ধার, গ্রেফতার ২

 

রামকৃষ্ঞনগর (শ্রীভূমি) : গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৫টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করেছে। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত ও কালোবাজারির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে মোট ১৫টি সিলিন্ডার উদ্ধার করা হয়।

 

অভিযুক্তরা সিলিন্ডার মজুতের বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ প্রথমে ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে।

 

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আজাদুর রহমান নামে এক ব্যক্তি রয়েছেন। তবে আজাদুর রহমানের পরিবারের সদস্যরা কালোবাজারির অভিযোগ অস্বীকার করেছেন। পরিবারের দাবি, উদ্ধার হওয়া সিলিন্ডারের মধ্যে দুটি সিলিন্ডার কালোবাজারির জন্য রাখা হয়নি। ওই দুটি সিলিন্ডারের বৈধ গ্যাসের বই ও প্রয়োজনীয় নথিপত্র তাঁদের কাছে রয়েছে এবং তাঁরা তা আদালতে পেশ করতে প্রস্তুত।

 

এদিকে আজ ধৃতদের আদালতে তোলা হলে পুলিশ তদন্তের স্বার্থে তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। পুলিশি হেফাজতের আবেদন জানানো হলেও আদালত আবেদন নাকচ করে তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

 

এই ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

spot_img

Recent articles

spot_img