উজান অসমের বন্যা: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে শ্রীভূমি জেলা বিজেপির আর্থিক অনুদান
যুব দর্পণ প্রতিবেদন,দিসপুর, 10 সেপ্টেম্বর ::
উজান অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো শ্রীভূমি জেলা বিজেপি। বন্যা বিধ্বস্তদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করা হলো শ্রীভূমি জেলা বিজেপির পক্ষ থেকে।
আজ দিসপুরে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন শ্রীভূমি জেলা বিজেপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক এবং শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব।
এদিন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। একইসঙ্গে পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব পুরসভার ওয়ার্ড কমিশনারদের পক্ষ থেকে সংগৃহীত ২ লক্ষ ৭২ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করেন।
সব মিলিয়ে মোট ৩ লক্ষ ২২ হাজার টাকা অনুদান হিসেবে তুলে দেওয়া হয়।
বন্যা পীড়িতদের সাহায্যে এগিয়ে আসার জন্য সঞ্জীব বণিক এবং রবীন্দ্র চন্দ্র দেবকে আন্তরিক ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

