আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ প্রক্রিয়ার বিরুদ্ধে সাংসদদের হস্তক্ষেপ জরুরি : হিন্দু যুব ছাত্র পরিষদ
শিলচর, ২৪ আগস্ট :
চলত শিক্ষা বর্ষের মাঝপথেই আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসা কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বিদ্যালয়ের কয়েক শতাধিক পড়ুয়া ও অভিভাবক। একটি বিদ্যালয় বন্ধ হওয়ার আশঙ্কা যে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করায় তা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে শত শত পরিবারের স্বপ্ন। সন্তানদের ভবিষ্যৎ এর উপর অনেকাংশেই নির্ভর করে। উদ্বিগ্ন অভিভাবকরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন ও সচেতন মহলের সহযোগিতার আবেদন জানিয়েছেন।
বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে হিন্দু যুব ছাত্র পরিষদ, অসম। চলতি শিক্ষা বর্ষের মাঝপথে বিদ্যালয় বন্ধ করার উদ্যোগ নেওয়া হলে বর্তমানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী হবে, এ আশঙ্কা প্রকাশ করেছেন সংগঠনের কর্মকর্তারা।
সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি নীতিশ ভট্টাচার্য পিন্টু সহ কাছাড় জেলা সমিতি এ বিষয়ে সমাধান খোঁজার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি সোমবার এক বিবৃতিতে জানান, স্পর্শকাতর এ বিষয়ে স্থানীয় সাংসদদের হস্তক্ষেপ জরুরি হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দু-একদিনের মধ্যেই তাঁরা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ সহ বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। আর আলোচনাকালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপিও তুলে দেবেন তারা। বলেন, এ অবস্থায় স্থানীয় পড়ুয়াদের স্বার্থে এ বিষয়ে সদর্থক ভূমিকা নিতে তৎপর থাকবে পরিষদ।

