শ্রীভূমিতে পাঞ্চজন্য (সাহিত্য আড্ডা)-র ষষ্ঠ বর্ষপূর্তি, উন্মোচিত ‘আরশি-৬’

শ্রীভূমিতে পাঞ্চজন্য (সাহিত্য আড্ডা)-র ষষ্ঠ বর্ষপূর্তি, উন্মোচিত ‘আরশি-৬’

 

পাঞ্চজন্য রায়, শ্রীভূমি: সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে মহাসমারোহে উদযাপিত হলো পাঞ্চজন্য (সাহিত্য আড্ডা) পরিবারের ষষ্ঠ বর্ষপূর্তি উৎসব। রবিবার শ্রীভূমি শহরের সেটেলমেন্ট রোডস্থিত বিশ্বরূপা বিবাহ ভবনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্ষপূর্তি পালিত হয়।

 

পরিবারের কর্ণধার কবি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবারের বরিষ্ঠ সদস্য বিধুভূষণ দাস। অ্যাডমিন ধ্রুবজ্যোতি ঘোষ তাঁকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।

প্রদীপ প্রজ্বলন ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী পর্বে বেদস্তোত্র, রবীন্দ্রসংগীত ও পাঞ্চজন্য সংগীত পরিবেশন করেন যথাক্রমে মল্লিকা দাস চৌধুরি, সুদীপ ভট্টাচার্য, ড. অতনু বিজয় দাস, অনামিকা দেবরায় ও আরাধ্যা বন্দ্যোপাধ্যায়। তবলায় সহযোগিতা করেন মনোজিৎ দাস।

স্বাগত ভাষণে অ্যাডমিন ধ্রুবজ্যোতি ঘোষ বিভিন্ন রাজ্য থেকে আগত অতিথি ও সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন মঞ্চে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি খোকন সাহা, দিলাল আহমেদ, স্বপ্না ভট্টাচার্য, শম্পা গুপ্ত, রবীন্দ্রনাথ কাশ্যপ ও অর্জুন শর্মা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় ও ইশা ভট্টাচার্য। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পিন্টু দাস বাউলের বাউল সংগীত পরিবেশনা।

এদিনের অনুষ্ঠানে তিনটি কাব্যগ্রন্থের উন্মোচন করা হয়। কবি দিলাল আহমেদের দুটি অসমিয়া কাব্যগ্রন্থ এবং কবি রবীন্দ্রনাথ কাশ্যপের একটি বাংলা কাব্যগ্রন্থ উন্মোচিত হয়। একই সাথে পরিবারের মুখপত্র ‘আরশি-৬’ -এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এবারের ‘আরশি-৬’ উৎসর্গ করা হয়েছে প্রয়াত ধীরেন্দ্র কুমার ঘোষের স্মৃতির উদ্দেশে। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চটি উৎসর্গ করা হয় প্রয়াত তারা ব্যানার্জি ও অভিরূপ দেবনাথের নামে।

অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি জগতে বিশেষ অবদানের জন্য বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত হন স্বপ্না ভট্টাচার্য, অর্জুন শর্মা, গোবিন্দচন্দ্র নাথ, দিলাল আহমেদ, দেবজ্যোতি ভট্টাচার্য, শিবানী দেবনাথ, জীবেন্দু দাসচৌধুরি, হিল্লোল দেবনাথ, গোপা রায়, শিপ্রা দত্ত চৌধুরি, শম্পা গুপ্ত ও পিন্টু দাস বাউল। ধীরেন্দ্র কুমার ঘোষ ও ছন্দা ঘোষ স্মৃতি স্মারক প্রদান করা হয় মনোজিৎ রায় ও প্রিয়াঙ্কা দাস চৌধুরিকে। এছাড়া বিশিষ্ট কবি খোকন সাহাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সুব্রত পাল ও ছন্দা চক্রবর্তী স্মৃতি আবৃত্তি প্রতিযোগিতার শিশু, ‘ক’ ও ‘খ’ বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি ২৫শে বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণকারী কচিকাঁচাদের প্রশংসাপত্র ও উপহার প্রদান করা হয়।

সকাল থেকেই কবিতা, নাচ, গান ও আবৃত্তিতে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। পরিবারের সদস্য ও কচিকাঁচাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কলকাতা, আগরতলা, বিলোনিয়া, ধর্মনগর, শিলচর, বদরপুর, শ্রীভূমি, কৈলাসহর ও হাইলাকান্দি সহ বিভিন্ন শহর থেকে সদস্যরা এই অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ধ্রুবজ্যোতি ঘোষ ও জয়দীপ ভট্টাচার্য। পরিশেষে পরিবারের কর্ণধার লায়ন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ষষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।