শিলচরে আত্মপ্রকাশ নতুন প্রজন্মের মিউজিক্যাল ব্যান্ড ‘শূন্যঘর’-এর
নিজস্ব সংবাদদাতা, শিলচর, :
সঙ্গীতপ্রেমীদের জন্য নতুন আশার বার্তা নিয়ে সিলচরে আত্মপ্রকাশ করল নতুন প্রজন্মের মিউজিক্যাল ব্যান্ড ‘শূন্যঘর’। গত ৪ সেপ্টেম্বর ২০২৬ বজরংদল মাসিমপুর খণ্ডের উদ্যোগ ও ব্যবস্থাপনায় মাসিমপুর বাজার দুর্গামণ্ডপে আয়োজিত জন্মাষ্টমীর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমবারের মতো মঞ্চে নিজেদের সঙ্গীত পরিবেশন করে এই নবীন ব্যান্ড।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ধ্যায় বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে শতাধিক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। মঞ্চে ‘শূন্যঘর’ ব্যান্ডের শিল্পীরা বিভিন্ন স্বাদের গান পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেন। একের পর এক সুরেলা পরিবেশনা ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে। দর্শকরাও মনোযোগ সহকারে উপভোগ করেন ব্যান্ডের পরিবেশনা।

‘শূন্যঘর’-এর আত্মপ্রকাশকে ঘিরে উপস্থিত গুণীজন ও সঙ্গীতপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা ব্যান্ডের প্রত্যেক সদস্যকে আশীর্বাদ করেন এবং আগামী দিনে আরও ভালোভাবে সঙ্গীতচর্চা ও পরিবেশনের জন্য তাঁদের উৎসাহিত করেন।
নতুন প্রজন্মের এই ব্যান্ডে কিবোর্ডে বিশাল লস্কর, পারকাশনে শুভজ্যোতি রায়, লিড গিটারে গোপাল কৃষ্ণ নাথ, ব্যাঞ্জোতে তুষার ঘোষ এবং অক্টোপ্যাডে সত্যব্রত চক্রবর্তী। ব্যান্ডের লিড ভোকালিস্ট রাজু নন্দী ও দেবহূতি চক্রবর্তী।
প্রথম অনুষ্ঠানেই ‘শূন্যঘর’-এর পরিবেশনা দর্শকদের মধ্যে যে সাড়া ফেলেছে, তাতে আগামী দিনে এই ব্যান্ড সিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতজগতে নিজেদের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করবে বলেই আশাবাদী সঙ্গীতপ্রেমীরা। নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের নিয়ে গড়ে ওঠা ‘শূন্যঘর’ আগামী দিনে সঙ্গীতের জগতে নতুন সাড়া জাগাবে—এটাই এখন সকলের প্রত্যাশা।
প্রথম মঞ্চেই দর্শকদের ভালোবাসা ও প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত ব্যান্ডের সদস্যরাও। তাঁদের লক্ষ্য, আগামী দিনে আরও নতুন গান, নতুন পরিবেশনা এবং সৃজনশীলতার মাধ্যমে শ্রোতাদের হৃদয় জয় করা।

