24.7 C
New York

গান্ধী ভবনের বেহাল দশায় ক্ষোভ রূপমের

Published:

গান্ধী ভবনের বেহাল দশায় ক্ষোভ রূপমে

অবিলম্বে সংস্কার, এসি-ফ্যান ও গ্রিনরুমের পরিকাঠামো উন্নয়নের দাবি

দীলু দাস, শিলচর, ২৩ আগস্ট :

শিলচর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানস্থল গান্ধী ভবনের বর্তমান অব্যবস্থাপনা ও বেহাল পরিকাঠামো নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছে রূপম সাংস্কৃতিক সংস্থা। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে হলটির সংস্কার ও আধুনিকীকরণের দাবি জানিয়েছে সংগঠনটি।

এক প্রেস বার্তায় রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল জানান, সম্প্রতি শিলচর কালচারাল ইউনিটের নাটক দেখতে গান্ধী ভবনে গিয়ে দর্শক ও শিল্পীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যেও হলের ভিতরে স্বস্তিতে বসে অনুষ্ঠান উপভোগ করার মতো ন্যূনতম পরিবেশ ছিল না বলে অভিযোগ করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক ফ্যান না থাকার পাশাপাশি থাকা ফ্যানগুলির মধ্যেও কয়েকটি অচল। এমনকি গ্রিনরুমেও পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই বলে অভিযোগ রূপমের।

রূপমের বক্তব্য, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানস্থলে এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিলচরের মতো গুরুত্বপূর্ণ শহরের সাংস্কৃতিক পরিকাঠামোর অন্যতম কেন্দ্র গান্ধী ভবন যদি অনুষ্ঠান আয়োজনের উপযোগী না থাকে, তাহলে তা অত্যন্ত দুঃখজনক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার প্রতিফলন।

এই পরিস্থিতিতে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের কাছে অবিলম্বে গান্ধী ভবনের সংস্কার ও আধুনিকীকরণের দাবি জানিয়েছে রূপম। বিশেষ করে হলটিতে এসি স্থাপন, পর্যাপ্ত সংখ্যক ফ্যানের ব্যবস্থা, অচল ফ্যান দ্রুত মেরামত, গ্রিনরুমের পরিকাঠামো উন্নয়ন এবং দর্শক ও শিল্পীদের স্বাচ্ছন্দ্যের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে রূপমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গান্ধী ভবন সম্পূর্ণভাবে অনুষ্ঠান আয়োজনের উপযোগী না হওয়া পর্যন্ত সেটি কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া উচিত নয়। অনুপযুক্ত পরিকাঠামো ভাড়া দিয়ে শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলিকে দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছে সংগঠনটি।

এ বিষয়ে শিলচরের সমস্ত নাট্যদল, সাংস্কৃতিক সংগঠন, এনজিও এবং সংস্কৃতিপ্রেমী নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে রূপম। সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যাগুলি তুলে ধরার প্রস্তাবও দেওয়া হয়েছে।

রূপমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গান্ধী ভবনকে ব্যবহারযোগ্য ও শিল্পী-দর্শকবান্ধব পরিবেশে ফিরিয়ে না আনা পর্যন্ত হলটি বয়কটের বিষয়েও সাংস্কৃতিক মহলকে ঐক্যবদ্ধভাবে ভাবতে হবে।

রূপম সাংস্কৃতিক সংস্থার মতে, গান্ধী ভবন শুধু একটি ভবন নয়, এটি শিলচরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই অবহেলায় ফেলে না রেখে দ্রুত সংস্কার, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের মাধ্যমে এটিকে একটি যথাযথ ও মানসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠানস্থল হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।

Advertisement

Related articles

spot_img

Recent articles

spot_img