মাতৃভূমি ফুটবলঃ কোয়ার্টার ফাইনালে জামালপুর এফ সি
শিলচর ২৫ আগস্টঃ প্রথম দল হিসাবে ২০২৬ সালের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো টুর্নামেন্টের অন্যতম খেতাবি দাবিদার জামালপুর এফ.সি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ডিফেণ্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়ান এফ.সি-কে ৩-০ গোলে পরাস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা।
ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধে ছিল জামালপুর এফ.সি-র দাপট । ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল হলুদ জার্সিধারী জামালপুর দল । স্ট্রাইকার কেলভিন প্রথমার্ধের খেলায় জোড়া গোল করেন, খেলার ৭ ও ৩৬ মিনিটে । প্রথমার্ধের বাকিটা সময় গোল শোধের জন্য মরিয়া হয়ে লড়েও জামালপুর এফ.সি-র রক্ষণভাগ ভাঙতে পারেনি ইন্ডিয়ান এফ.সি। দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় নীল জার্সিধারী ইন্ডিয়ান এফ.সি।
এদিন পুরো গ্যালারি ও মাঠের চারপাশ ছিল হাজার হাজার দর্শকে পরিপূর্ণ, এযেন মাতৃভূমি কাপের ফাইনাল। দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও তীব্রতর করে জামালপুর এফ.সি। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে একের পর এক আক্রমণ বুনে চলে তারা। ম্যাচের ৭৮ মিনিটে ডান প্রান্ত থেকে আসা একটি ক্রসকে দারুণ ভলিতে জালে পাঠিয়ে জামালপুর এফ.সি-কে ৩-০ গোলে এগিয়ে দেন রাইকোম । তীব্র লড়াই করলেও ম্যাচে কোন গোল করতে পারেনি ডিফেণ্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়ান এফ.সি । রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় জামালপুর এফ.সি-র রোমাঞ্চকর জয়। এই জয়ের ফলে প্রথম দল হিসাবে চলমান মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে শক্তিশালী জামালপুর এফ.সি ।
দুর্দান্ত ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন কেলভিন মার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ধলাই-নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস, বিজেপি ধলাই-নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরী ও ধলাই-নরসিংপুর ব্লক এম.আই.এস ম্যানেজার রাণা দাস। উল্লেখ্য এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূঁইয়া, প্রবীণ বর্মণ, ইজাজ আহমেদ লস্কর ও নুংশিতম্বী সিংহ। বুধবার ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউণ্ডের দ্বিতীয় খেলায় আয়ান এফ.সি লোকনাথপুর ও তাহের এফ.সি সপ্তগ্রাম পরষ্পরের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।

