থানায় ডেকে নিয়ে গভীর রাত পর্যন্ত বসিয়ে রাখার অভিযোগ তরুণ সমাজকর্মী প্রসেনজিৎ দেবকে
দিলু দাস, শিলচর ২৮ আগস্ট : :
শিলচর সদর থানার এক পুলিশ কর্মকর্তার ফোন পেয়ে থানায় গিয়েছিলেন তরুণ সমাজকর্মী প্রসেনজিৎ দেব। কিন্তু ২৭ আগস্ট দুপুরে থানায় পৌঁছানোর পর গভীর রাত পর্যন্ত তাঁকে থানায় বসিয়ে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না—এমনই অভিযোগ করেছেন প্রসেনজিৎ দেবের মা।
অভিযোগ অনুযায়ী, ২৬ আগস্ট শিলচর সদর থানার এক পুলিশ কর্মকর্তা মোবাইল ফোনে প্রসেনজিৎ দেবকে থানায় আসার জন্য বলেন। ওই আহ্বানে সাড়া দিয়ে ২৭ আগস্ট দুপুরের দিকে তিনি সদর থানায় পৌঁছান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁকে থানা থেকে বের হতে দেওয়া হয়নি বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
সম্প্রতি শাসকদল বিজেপি থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রসেনজিৎ দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করে আসছিলেন। তাঁর পোস্টে শাসক দলের বিভিন্ন বিষয়ের পাশাপাশি সমাজের নানা জ্বলন্ত সমস্যা ও জনস্বার্থের বিষয়ও উঠে আসত।
তবে ঠিক কী অভিযোগ বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে থানায় ডেকে নিয়ে এতক্ষণ বসিয়ে রাখা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ্যে আসেনি।

